কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিত্সায় বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকালে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিত্সা সরঞ্জাম জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়। পরে জেলা প্রশাসক হাইফ্লো ন্যাজাল ক্যানোলাসহ চিকিত্সা সরঞ্জাম হাসপাতালের আরএমও তাপস কুমার সরকারের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, হাসপাতালে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহব্যবস্থা উন্নতকরণ ও কোভিড-১৯ রোগীর সেবায় কুষ্টিয়ার শিল্পপ্রতিষ্ঠান বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার দেওয়া অন্যান্য চিকিত্সা সরঞ্জামের মধ্যে ৬৬টি পালস্ অক্সিমিটার ও অক্সিজেন ফ্লু মিটার ১০০টি বুঝিয়ে দেওয়া হয়। উপহারের এ হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডার পাওয়ায় হাসপাতালে করোনা রোগী চিকিত্সায় অক্সিজেন স্বল্পতা ও হিমশিম অবস্থা অনেকটা লাঘব হবে। এছাড়া সংকটাপন্ন অধিক সংখ্যক রোগীকে উচ্চমাত্রার অক্সিজেন সাপোর্ট দেওয়া সম্ভব হবে। এতে রোগী মৃত্যু কমবে বলে জানান চিকিত্সকরা। মহামারির এ সংকটকালে শিল্পপতি মজিবর রহমানের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আরএমও তাপস কুমার সরকার জানান, হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেনের সঙ্গে সংযুক্ত ৩৩টি বেডের পাশাপাশি উপহারের এ ১০টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংযোগের ফলে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ ব্যবস্থার অনেকটা উন্নতি হবে। এছাড়া হাসপাতালের ৫৫০টি অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে উপহারের ১০০টি সিলিন্ডার যোগ হওয়াতে অক্সিজেন নিয়ে নাভিশ্বাস দূর হবে বলে তিনি জানান।
বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. মজিবর রহমান জানান, করোনা রোগীর চিকিত্সা ও জীবন রক্ষায় অত্যাবশ্যক হাইফ্লো ন্যাজাল ক্যানোলাসহ অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য চিকিত্সা সরঞ্জাম হাসপাতালে দিতে পেরে তিনি আনন্দিত েহস্তান্তর অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, হাসপাতালের আরএমও এনএসআইয়ের যুগ্ম-পরিচালক ইদ্রিস আলী, হাসপাতালের আরএমও ডাক্তার তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
