গাংনীতে স্কুলছাত্রীর অমতে রাতে বিয়ে, দুপুরে আত্মহত্যা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ২৩:০৭

গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে রিতা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছে। রিতার বাবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। রিতার বাবা-মায়ের সংসার ছাড়াছাড়ি হওয়ার কারণে সে তার নানাবাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে বসবাস করে আসছিল। রিতা কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার দুপুর দেড়টার দিকে নানা কাজীপুর গ্রামের কিন্নাল আলীর ঘরের আড়া থেকে রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। স্থানীয়রা জানান, রিতা খাতুনের সঙ্গে রবিবার রাত ১১টার দিকে কাজীপুর গ্রামের সর্দারপাড়ার সৌদিফেরত রফিকুল ইসলামের বিয়ে হয়। এ বিয়েতে রিতার সম্মতি ছিল না। গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, তদন্ত করে মৃত্যুর কারণ বলা সম্ভব হবে।