গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের কাজ করার সময় শ্বাসকষ্টে সদু মিয়া (৩৫) নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গত রবিবার দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু সদু মিয়া ঐ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা আরিফ আনোয়ার জানান, পার্শ্ববর্তী হরিপুর গ্রামের সাখাওয়াত জামানের বাড়িতে বেশ কিছুদিন ধরে ল্যাট্রিনের সেপটিক ট্যাংক নির্মাণ চলছে। রবিবার দুপুরে সদু মিয়া ঐ ট্যাংকের পানির মধ্যে নেমে ঢালাই কাজের সাটারিংয়ের বাঁশ-কাঠ খুলতে ছিলেন। এ সময় হঠাত্ তিনি অসুস্থ হয়ে ঐ ট্যাংকের পানিতে ডুবে যান। এ ঘটনায় কর্মরত অন্য শ্রমিক ওপরে উঠে এসে চিত্কার করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তারা গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সদু মিয়ার লাশ উদ্ধার করে।
