রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। জয়নাল ও সিটি শাহিনের সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর হুমায়ুন কবির মোল্লা, এএসআই বায়েজিদ হাওলাদার, আব্দুল হালিম, সিপাহি নুরুল আমিন, সিরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক এবং বিবদমান দুই পক্ষের রাব্বি, মোক্তার, নুর আলম, সালাম, রবিন, আরিফ ওরফে ডন আরিফ, জনি ও রিপন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। শিশু ও মহিলারা আতঙ্কিত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে চনপাড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে নাঈম ও সিরাজুল ইসলামের ছেলে মামুনকে গ্রেফতার করে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই পরেশ বাগচি বাদী হয়ে ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি এখন শান্ত। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
