৬০০ কোটি টাকা দাবি হ্যাকারদের

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০০:৩১

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার কোম্পানি কেসায়াতে সাইবার হামলা চালিয়েছে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত একটি র?্যানসমওয়্যার হ্যাকার গ্রুপ। সিস্টেমের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে ৭ কোটি ডলার বা ৫৯০ কোটি টাকা দাবি করেছে তারা। এর সঙ্গে ক্রেমলিনের কোনো যোগসূত্র থাকলে তার জবাব দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান কেসায়ার সিস্টেমে হামলা চালিয়েছে আরইভিল নামের একটি হ্যাকার গ্রুপ। এতে অন্তত ১৭টি দেশের কয়েক শ কোম্পানি বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাবসায়িক কার্যক্রম। আরইভিল নিজেদের ব্লগে এই হামলা চালানোর দাবি করেছে। নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে বিটকয়েন মারফত ৭ কোটি ডলার ‘মুক্তিপণ’ দাবি করেছে তারা। হ্যাকার গ্রুপটি এর আগে বিশ্বের সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান জেবিএসে হামলা চালিয়ে ১ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। এদিকে এ ঘটনা তদন্তে এফবিআইকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। —ডয়চেভেলে