শীতকাল মানে পিঠাপুলির কাল বলে পরিচিত। শীতের এই শেষ প্রান্তে এসেও আপনার পিঠার আয়োজনে কিছু বৈচিত্র্য আনতে দেওয়া হলো ৪টি রেসিপি। দিয়েছেন অসিত কর্মকার সুজন
হূদয় হরণ পিঠা
উপকরণ :ময়দা ১ কাপ, তরল দুধ দেড় কাপ, পোলাওয়ের চালের গুঁড়া ২ টেবিল চামচ, নারিকেল কোড়া আধা কাপ, লবণ সামান্য, ভাজার জন্য তেল ২ কাপ, চিনির সিরা দেড় কাপ।
প্রণালি :একটি প্যানে তরল দুধ দিন। দুধ ফুটে উঠলে সামান্য লবণ, চালের গুঁড়া, নারিকেল কোড়া ও ময়দা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ভালোভাবে মথে পাতলা রুটি বানান। কুঁচি করে ভাঁজ করুন। এবার ভাঁজের মাঝের অংশ ভিতরে ঢুকিয়ে অপর দুই পাশ ঘুরিয়ে আটকে দিন। এবার ডুবো তেলে ভেজে সিরায় কিছুক্ষণ রেখে নামিয়ে নিন।
চুই পিঠা
উপকরণ :চালের গুঁড়া দেড় কাপ, লবণ সামান্য, ঘন দুধ ১ লিটার, গুড় আধ কাপ বা স্বাদমতো, ঘি ১ টেবিল চামচ, নারিকেল কোড়ানো আধ কাপ।
প্রণালি :পানি গরম করে তাতে লবণ দিয়ে চালের গুঁড়া মিশিয়ে ডো বানিয়ে নিয়ে ভালোমতো মথে নিন। তারপর হাত দিয়ে ছোট ছোট চিকন পিঠা বানিয়ে নিন। ননস্টিক প্যানে ঘি দিয়ে তাতে পিঠা ভেজে রাখুন। পরিমাণমতো পানি দিয়ে গুড় চুলায় বসিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে তাতে নারিকেল ও পিঠা ছেড়ে দিন। দুধ দিন। পিঠা নরম হলে নামিয়ে নিন এবং সাজিয়ে পরিবেশন করুন।
গোলাপ পিঠা
উপকরণ :চালের গুঁড়া ২ কাপ, পানি ১ কাপ, লবণ ১/৪ চা চামচ, ডিম ১টি, তেল ৩ চা চামচ, ভাজার জন্য তেল ২ কাপ, সিরার জন্য চিনি ১ কাপ, পানি আধ কাপ।
প্রণালি :১ কাপ পানিতে লবণ দিয়ে ফুটিয়ে নিন। এতে চালের গুঁড়া দিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন। ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে গরম থাকতেই এতে ডিম ভেঙে দিন। তেল দিয়ে ভালো করে মথে নিন। রুটি বেলে নিন। গোলাকার কিছু বা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিন। ১টি গোলাপ বানাতে ৩টি গোল রুটি পর পর রেখে তিন দিকে কেটে নিন। এবার একটা একটা করে কাটা অংশ তুলে দুই কোনা চেপে দিন। এভাবে সব ফুল বানিয়ে নিন। রঙিন ফুল করতে চাইলে গোলায় অল্প ফুড কালার দিয়ে নেবেন। সিরার জন্য চিনি ও পানি জ্বাল করে আলাদা রাখুন। গোলাপ পিঠাগুলো ডুবো তেলে সময় নিয়ে ভাজুন। অল্প আঁচে একদিক ভাজা হলে তারপর উল্টে দেবেন। খেয়াল করে ভাজতে হবে নয়তো ফুলের শেপ নষ্ট হয়ে যাবে। ভাজা গোলাপ পিঠা সিরায় চুবিয়ে পরিবেশন করুন।
মালপোয়া পিঠা
উপকরণ :দুধ আধ লিটার, চিনি ১ কাপ, পানি ১ কাপ, এলাচ গুঁড়া ১ চা চামচ, ময়দা আধ কাপ, দুধ আধ কাপ, চিনির গুঁড়া ১ টেবিল চা চামচ, ঘি ১ টেবিল চামচ, বেকিং সোডা ১/৪ চা চামচ।
প্রণালি :প্রথমে একটি প্যানে এক লিটার দুধ জ্বাল দিয়ে আধ লিটারে নিয়ে আসুন। ফুটন্ত দুধ আধ লিটার হয়ে গেলে নামিয়ে ফেলুন। আরেকটি পাত্রে সিরা তৈরির জন্য চিনি ও পানি একসঙ্গে জ্বাল দিন। সিরা ঘন হয়ে এলে চুলা নিভিয়ে ফেলুন। চিনির সিরার ওপরে এলাচ গুঁড়া দিন। এরপর ঘন দুধের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিন। এমন ভাবে মেশাবেন যেন ময়দা দানা দানা না থাকে। দুধ ও ময়দার মিশ্রণ ঘন হয়ে এলে তাতে তরল দুধ ভালো করে মিশিয়ে নিন। পরে চিনির গুঁড়া দিয়ে আবার মিশিয়ে নিন। এর সঙ্গে বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি ঘন না হয়। প্যান গরম হয়ে এলে এতে ঘি দিয়ে দিন। এবার গরম তেলে মিশ্রণটি পিঠা আকারে ছেড়ে দিন। পিঠাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে চিনির সিরায় কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। সবশেষে চিনির সিরা থেকে নামিয়ে পরিবেশন করুন মালপোয়া পিঠা।
