খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:২৯

খুলনার তিন হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। তবে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে গতকাল সোমবারও খুলনার চার হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা ডেডিকেটেড  করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় চারজন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরীর চানমারী এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০) ও বাগেরহাটের ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। এছাড়া হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন। যার মধ্যে রেড জোনে ১০৯ জন, ইয়োলো জোনে ৩১ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর বড় বয়রা এলাকার নোভা রাণী দাশ (৭৫), খুলনার ডুমুরিয়া উপজেলার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছা উপজেলার কপিলমুনির শোভা রানী সাহা (৭৫) এবং বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। পিসিআর ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন,  নগরীর খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের শরিফুল ইসলাম (৫২) ও রহিমনগর গ্রামের আমির হোসেন (৬৫), বাগেরহাট ফকিরহাট উপজেলার শারমিন বেগম (৪৫) এবং একই এলাকার মারিয়া খাতুন (৩৯)। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৩৪ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

No description available.

খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোন মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হওয়া ৪৫ জন রোগী ভর্তি রয়েছে। যার মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

ইত্তেফাক/এমআর