মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ তাপসের

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ দিয়ে বলেছেন, ‘ডেঙ্গুর প্রকোপ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি হাসপাতালগুলোতে কিছু রোগী ভর্তি হচ্ছে। সুতরাং ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের তদারকি আরো বৃদ্ধি করতে হবে। আপনাদের নেতৃত্বে গতবারের মতো ইনশাআল্লাহ আমরা এবারও সফল হব।’ গতকাল  দক্ষিণ সিটির সাধারণ সংরক্ষিত আসনের কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘ডেঙ্গু প্রতিরোধে মাঠ পর্যায়ের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যবেক্ষণ শীর্ষক’ দিকনির্দেশনামূলক সভায় অনলাইন প্ল্যাটফরমে সংযুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ‘আপনারা ফ্ল্যাট-অ্যাপার্টমেন্টভিত্তিক ভবনের মালিক সমিতির সঙ্গে কথা বলবেন। সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক আছেন, তাদের অনুরোধ করবেন—তাদের আঙিনায়, তাদের বাসাবাড়ির বিভিন্ন জায়গায় যেন আমাদের মশক-কর্মীরা ঢুকতে পারে। কারণ, দেখা গেছে বাসাবাড়ির আনাচকানাচ, বিভিন্ন সামগ্রীতে স্বচ্ছ পানি জমে থাকার কারণে মশকের বিস্তৃতি হচ্ছে। এসব পরিষ্কার করতে হবে। সেখানে লার্ভিসাইডিং করতে হবে, কীটনাশক ছিটিয়ে দিতে হবে। কারণ এসব জায়গায় বৃষ্টির জমা পানিতে দুই-তিন দিনের মধ্যেই এডিস মশার বিস্তৃতি ঘটে, প্রজনন ঘটে। মহিলা কাউন্সিলরদের প্রতি অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘আপনাদের বিভিন্ন বাসাবাড়িতে অনায়াসে যাতায়াতের সুযোগ আছে। যেসব বাসাবাড়িতে ফুলের টব-ছাদবাগান বেশি আছে, আপনারা প্রয়োজনে সেসব বাসাবাড়িতে তাদের প্রবেশের সুযোগ করে দেবেন। বাসাবাড়ির আঙিনা, ছাদে গিয়ে হলেও এই মশক নিধন কার্যক্রম নিতে হবে।’