কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কৃষিজমি রক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন কৃষকেরা। গতকাল শাক্তা ইউনিয়নের দাড়িপাড়া এলাকায় এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। ‘জান দেব, তবু জমি দেব না’—এই স্লোগানে কয়েক শ কৃষক ও কিষানি বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী কৃষক হাজি জমির মাদবর, হাজি আলী আহমদ ও হাজি সলু ফকির জানান, দাড়িপাড়া গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস। এই গ্রামের পাশেই রয়েছে তাদের বাপ-দাদার শত শত বিঘা তিন ফসলি কৃষিজমি। এসব জমিতে প্রচুর পরিমাণ নানা ফসল উত্পাদন হয়ে থাকে। বিশেষ করে এখানে উত্পাদিত শাক-সবজি রাজধানীর কাওরান বাজার, শ্যামবাজারসহ অন্যান্য বাজারে সরবরাহ করা হয়ে থাকে। গ্রামের বেশির ভাগ কৃষক এসব জমিতে উত্পাদিত সবজি ও ফসল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু মো. ইব্রাহিম মিয়া সুজন নামে এলাকার এক প্রভাবশালী কোনো জমি ক্রয় না করেই তাদের কৃষিজমিতে আবাসন করার লক্ষ্যে সাইনবোর্ড দিয়েছেন। যদি তাদের এসব তিন ফসলি জমিতে আবাসন করা হয়, তাহলে দাড়িপাড়া গ্রামের কয়েক হাজার কৃষকের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না। তাই তারা বাপ-দাদা চৌদ্দ পুরুষের এই জমিতে আবাসন করতে দেবেন না। প্রয়োজনে তারা জমির জন্য জীবন দিতে প্রস্তুত। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই কৃষিজমি রক্ষার জন্য জোর দাবি জানান।
এ ব্যাপারে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন বলেন, দাড়িপাড়া এলাকায় কৃষিজমিতে কাউকে অবৈধভাবে কোনো হাউজিং বা আবাসন করতে দেওয়া হবে না। আটি বাজার এলাকায় মো. ইব্রাহিম মিয়া সুজনের অফিসে তার বক্তব্য নেওয়ার জন্য গিয়ে অফিসটি বন্ধ পাওয়া যায়।
