কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার শ্রীরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিন আলম(৩৩), কাগাতুয়া গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে সুমন সরকার (৩২), বি-চাপিতলা গ্রামের রকিব উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মারুফ (২৮), রামচন্দ্রপুর বাজার পাড়া এলাকার কবির আহাম্মদের ছেলে সজল (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে বিষ্ণুপুর-বি-চাপিতলা সড়কের কাগাতুয়ার ইঞ্জিরা ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ডাকাত সদস্য ডাকাতির উদ্দেশ্যে সড়কে অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই জিএম ফখরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি রামদা, ১টি ছোড়া, ৬টি রড, ১টি টর্চ লাইট উদ্ধার করে। পরে গ্রেফতারকৃতদের তথ্যমতে আরো দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন: উপজেলা নির্বাচনের প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত বদল
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় ১২ জনের নামে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
