কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৮

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এক কিশোরীকে  ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল কোনাবাড়ী বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মুকুট মিয়া কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাদুয়া দামারহাট এলাকার মো. রওশন আলীর ছেলে। সে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো। ভিকটিম কিশোরীর মা বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী পরিবারের সঙ্গে কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। বাবা এবং মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করার সুবাদে ভুক্তভোগী বাসায় একা থাকত। সে সুযোগে তাদের পার্শ্ববর্তী ঘরের ভাড়াটে অভিযুক্ত মুকুট মিয়া তাকে প্রায় সময়ই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনায় ঐ বাড়ির বাড়িওয়ালা অভিযুক্তকে সাবধান করে বাড়ি থেকে বের করে দেয়। পরে অভিযুক্ত মুকুট বাসা পরিবর্তন করে চলে গেলেও ভুক্তভোগীর সঙ্গে বিভিন্ন সময় মোবাইল ফোনে যোগাযোগ করত। গত ৫ জুলাই মুকুট মিয়া ঐ  কিশোরীকে ফুসলিয়ে তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঐ কিশোরী ধর্ষণের বিষয়টি জানালে পরিবার অভিযুক্ত মুকুটকে বিয়ে করার প্রস্তাব দেয়। এতে সে রাজি না হলে স্থানীয়দের জানিয়ে থানায় এজাহার দায়ের করা হয়। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা ওসি আবু সিদ্দিক জানান, গতকাল মুকুটকে আদালতে পাঠানো হয়েছে।