প্রতিবন্ধীদের করোনার টিকায় অগ্রাধিকারের আহ্বান

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৪৯

করোনার টিকা কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা সাইটসেভার্স। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানায়। তারা জানায়, সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সদস্য রাষ্ট্রসমূহকে সুপারিশ করেছে। কোভিড-১৯ মহামারিতে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যঝুঁকি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তথ্যে প্রকাশিত হয়েছে, কোভিড-১৯-এর মৃত্যুর একটি বড় সংখ্যাই প্রতিবন্ধী ব্যক্তি। বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তিদের কোভিড-১৯-এ মৃত্যুঝুঁকি অন্যদের থেকে ছয় গুণ বেশি। এ প্রসঙ্গে সাইটসেভার্স বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও বলেন, বাংলাদেশ সরকার কোভিড-১৯ টিকাদান কর্মসূচি অনেক আগে শুরু করেছে; কিন্তু সরবরাহে ঘাটতির কারণে টিকা কার্যক্রম বিঘ্নিত হয়। তবে চলমান টিকাদান কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার, তাদের অন্তর্ভুক্তি এবং কেন্দ্রগুলোকে প্রবেশগম্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সাইটসেভার্স বাংলাদেশ অফিসের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর অয়ন দেবনাথ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার দাবি সম্পূর্ণভাবে যৌক্তিক এবং তা অবহেলা করার সুযোগ নেই।