চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সাবেক স্ত্রী হত্যায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অর্থদণ্ড করা হয়েছে এক লাখ টাকা। সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি সুমন আলী শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর মিয়াপাড়ার আমির হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বাগানপাড়ার নুর আলমের মেয়ে ফারজানা আকতার সীমার সঙ্গে বিয়ে হয় সুমনের। বিয়ের পর থেকে স্ত্রী সীমাকে নির্যাতন করতো সুমন। ২০১৫ সালে গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদ হলেও সুমন তাকে বিরক্ত করে আসছিল।
এক পর্যায়ে ২০১৬ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সুমন ছুরি হাতে সীমাদের বাড়িতে যায়। গিয়ে সীমা ও তার মা দিলুয়ারা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সীমা মারা যান। ঘটনার রাতে ছোট ভাই কামরুজ্জামান বাদি হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরো পড়ুন: ‘জেনা করা পাপ’ বললেন পর্নস্টার নাদিয়া আলি
মামলার তদন্তকারী কর্মকর্তা সারোয়ার রহমান তদন্ত শেষে সুমনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৬ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আদালতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে বিচারক এই রায় দেন।
ইত্তেফাক/অনি
