ঈশ্বরগঞ্জে মাছ ধরার উপকরণ বিক্রির ধুম

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২১:৫৮

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে হাটবাজারগুলোতে ছোট মাছ ধরার উপকরণ বিক্রির ধুম পড়েছে। উপকরণগুলোর মধ্যে রয়েছে উনিয়া, ভাইর, চাবি (ছোট পলো), পেঁচা, খালই ইত্যাদি। বাঁশ বেতের কুটিরশিল্প কারিগররা এসব উপকরণ তৈরি করে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

মাছ ধরার উপকরণ তৈরির কারিগর খৈরাটি গ্রামের আব্দুল গনি জানান, বর্ষা ঋতুতে যখন নদীনালা, খাল-বিল পানিতে ভরে উঠে তখন গ্রামের সাধারণ মানুষ ও মত্স্যজীবীরা উনিয়া, ভাইর, চাবি, পেঁচা, দিয়ে মাছ ধরায় মেতে উঠে। বাজারে এসব উপকরণ বিক্রির ধুম পড়ে যায়। মোরাল বাঁশের শলা, তালের আঁশ, উনিয়া, ভাইর, চাবি, পেঁচা, খালই ইত্যাদি তৈরি করতে হয়। একটি ছোট উনিয়া তৈরি করতে খরচ হয় ১০০ থেকে ১৫০ টাকা, বিক্রি হয় ২০০ থেকে ২৫০ টাকা। একটি বড় উনিয়া তৈরি করতে খরচ হয় ২০০ টাকা, বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা। ভাইর ১০০ থেকে ১৫০ টাকা ও চাবি ৩০০ টাকা। মাছ ধরার উপকরণের পাশাপাশি কারিগররা ডালা, কুলা, খাঁচা, চালুন, ওড়া (মাটি কাটার টুকরি), খালই বিক্রি করছে দেদার। কুটিরশিল্পী কারিগর জয়নাল আবেদীন জানান, বাড়িতে বসে বিভিন্ন উপকরণ তৈরি করে স্থানীয় হাটবাজারে বিক্রি ছাড়াও তারা দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে থাকেন।