মনোহরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউপি সদস্য আবদুর রহিম খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর ঝলম (উ.) ইউপির ধীকচান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য আবদুর রহিমের বাড়ির সামনে লিজকৃত পুকুর পাড়ে মাটি ভরাট করাকে কেন্দ্র করে স্থানীয় রহমত উল্লার সঙ্গে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে ঐ পুকুর পাড়ে গেলে রহমত উল্ল্যা তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ইউপি সদস্য আবদুর রহিম মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে মনোহরগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্ত রহমত উল্ল্যা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত রহমত উল্লাহকে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ ও আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল কবির বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
