চলমান লকডাউনে মির্জাপুরে বৃহত্ দেওহাটা কোরবানি পশুর হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন দেওহাটা সাপ্তাহিক বৃহত্ পশুর হাট। কোরবানি ঈদকে সামনে রেখে পশুর হাট বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন গরুর ব্যাপারী, খামারি এবং হাটের ইজারাদাররা। দুপুরে দেওহাটা পশুর হাটে গিয়ে দেখা গেছে, প্রশাসন হাট বন্ধ করে দেওয়ায় বিভিন্ন স্থান থেকে আসা গরুর ব্যাপারীরা ট্রাক ও পিকআপ ভ্যানে গরু ফেরত নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে দেওহাটা পশুর হাটের ইজাদার ও হাট-বাজার কমিটির সভাপতি ইউপি মেম্বার মো. জামান মিয়া বলেন, মঙ্গলবার ছিল সাপ্তাহিক পশুর হাট। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী, খামারি ও ফড়িয়ারা গরু নিয়ে হাটে আসছিলেন। লকডাউন থাকায় উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হাটে এসে কোরবানির পশুর হাট বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, করোনার কারণে কঠোর লকডাউন ও সরকারি নিষেধ থাকায় জনগণের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে সাময়িকভাবে পশুর হাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
