বিধিনিষেধ অমান্য করায় ১৮ জনকে জরিমানা
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জে লাকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার বিধিনিষেধ অমান্য করায় এক ক্ষুদ্র ব্যবসায়ী ও ১৭ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। মীর্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালী বন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মীর্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ১৮ জনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন।
মধুখালীতে ত্রাণ বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে করোনার কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মধ্যে মঙ্গলবার সরকারি ত্রাণ হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। রায়পুর ইউনিয়ন পরিষদের সহায়তায় ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময়
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে করণীয় বিষয়ে মঙ্গলবার সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আখচাষিদের মধ্যে ই-পদ্ধতিতে ভর্তুকি প্রদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষিদের মধ্যে মঙ্গলবার ভর্তুকির অর্থ সিউর ক্যাশের মাধ্যমে প্রদান শুরু হয়েছে। হিসাব বিভাগের ইক্ষু শাখায় ই-পদ্ধতিতে ভর্তুকি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির। এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মো. রফিকুল ইসলাম, মহব্যবস্থাপক(অর্থ) মো. সামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত গবাধি পশুর ১২০ খামারির মধ্যে মঙ্গলবার গোখাদ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনের সামনে খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।
চা-বিক্রেতারা পেলেন ত্রাণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় শতাধিক চা-বিক্রেতার মধ্যে মঙ্গলবার চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ।
অসহায়দের মধ্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ
কুমিল্লা প্রতিনিধি করোনার কারণে কঠোর লকডাউন বাস্তবায়নের পাশাপাশি নিঃস্ব ও হতদরিদ্র মানুষের মধ্যে মঙ্গলবার উপহার হিসেবে খাবার ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী কুমিল্লা এরিয়া। কুমিল্লা জিলা স্কুল মাঠে কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাব্বির হাসান উপস্থিত থেকে তাদের মধ্যে এ উপহার বিতরণ করেন। এ সময় ক্যাপ্টেন আবরার ফায়িজ খানসহ অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
