ডিএসইর এমডি হলেন তারিক আমিন ভুঁইয়া

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০১

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী তারিক আমিন ভুঁইয়া। গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দিয়েছে। এর আগে গত সোমবার এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভুঁইয়া, অভিজিত্ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করে ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন তরিক আমিন ভুঁইয়াকে এমডি পদে নিয়োগে অনুমোদন দিয়েছে।

তারিক আমিন ভুঁইয়া হলেন ফ্রেন্ডশিপ এনজিওর পার্টটাইম আইটি অ্যাডভাইজার, হাস্কলাউড লিমিটেড, সিডনির প্রতিষ্ঠাকালীন চিফ টেকনোলজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার এবং হাস্কলাউড বিডি লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান। তিনি ব্র্যাক ব্যাংকের সাবেক সিআইও এবং বিকাশের প্রতিষ্ঠাকালীন সিইও।

অন্য দুই জনের মধ্যে অভিজিত্ কুমার সাহা হলেন মার্কেন্টাইল ব্যাংকের উপপ্রধান অর্থ কর্মকর্তা ও মুস্তাফিজুর রহমান সাবেক সচিব। প্রায় ছয় মাস পরে এসে এমডি পেল ডিএসই। এর আগে সাবেক এমডি সানাউল হক গতবছরের ৮ অক্টোবর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন। যা ২১ অক্টোবর ডিএসইর পর্ষদ সভায় গৃহীত হয়। যিনি ৭ জানুয়ারি বিদায় নেন।