রেফারির বিরুদ্ধে পেরুর অভিযোগ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০৪

কোপা আমেরিকার চলমান আসরে তোপের মুখেই আছেন রেফারি। স্বাগতিক ব্রাজিলের প্রতিটি ম্যাচের পরই পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ আসছে রেফারিদের বিরুদ্ধে। প্রতিপক্ষের খেলোয়াড়রা অভিযোগ করছেন, ব্রাজিলকে সুবিধা দিচ্ছেন রেফারিরা।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর রেফারিকে ভাঁড় বলেছিলেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। সেমিফাইনাল ম্যাচের পর পেরুর ফুটবলাররাও একই অভিযোগে সরব হলেন। মঙ্গলবার ভোরে পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। নেইমারের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেছেন লুকাস পাকুয়েতা।

পেরুর ফুটবলারদের অভিযোগ, ম্যাচের ২৩ মিনিটেই গোল পেতে পারত তারা। পেনাল্টি না দিয়ে গোল কিকের সিদ্ধান্ত দেন রেফারি। তখন ডি বক্সে থিয়াগো সিলভার হাতে লেগেছিল বল। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি।

ম্যাচের পর পেরুর গোলরক্ষক পেদ্রো গ্যালেস বলেছেন, ‘প্রথমার্ধে থিয়াগো সিলভার বিরুদ্ধে একটা পরিষ্কার পেনাল্টি দেননি রেফারি। বরং গোলকিক দেন। অথচ থিয়াগো সিলভার কনুই শরীরের সঙ্গে লেগে ছিল না।’

রেফারির বিরুদ্ধে বাজে আচরণের অভিযোগও করেছেন গ্যালেস। তিনি বলেছেন, ‘আমরা রেফারির সঙ্গে এ বিষয়ে কথা বলতেও যেতে পারিনি। কারণ সে আমার সতীর্থদের অপমান করছিল। রাগটা তাই রয়েই গেছে।’

পেরুর মিডফিল্ডার রেনাতো সানচেজও সুর মিলিয়েছেন সতীর্থর সঙ্গে। তিনি বলেছেন, ‘এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে এমন একজন রেফারিকে নিয়োগ দেওয়া আমার কাছে যথাযথ মনে হয়নি। এর চেয়েও বড় কথা, সে আমাদের মাঠের মধ্যে অপমান করেছে, বাজে আচরণ করেছে।’