ইংল্যান্ড দলে করোনার হানা, নতুন অধিনায়ক স্টোকস

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:০৭

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড ক্রিকেট দল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির সাত সদস্য। যার মধ্যে আছেন তিন ক্রিকেটার ও চার সাপোর্ট স্টাফ। যদিও আক্রান্তদের নাম প্রকাশ করেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্য সরকারের কোয়ারেন্টাইন প্রটোকল অনুযায়ী পুরো ইংল্যান্ড দল এখন আইসোলেশনে রয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি। তারপরও পাকিস্তানের বিপক্ষে সিরিজটা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। গতকাল নতুন দল ঘোষণা করেছে ইসিবি। অলরাউন্ডার বেন স্টোকস ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন এ সিরিজে। ১৮ সদস্যের নতুন দলে ৯ জন ক্রিকেটার রয়েছেন, যারা আগে আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। ডাক পাওয়া ক্রিকেটাররা কাউন্টিতে নিজস্ব ক্লাবের হয়ে টি-২০ ব্লাস্টে খেলছিলেন। দেশের প্রয়োজনে ক্লাবগুলো ছেড়ে দিয়েছে ক্রিকেটারদের। দলটির হেড কোচ হিসেবে কাজ করবেন ক্রিস সিলভারউড। আগামীকাল কার্ডিফে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ৬টায় শুরু হবে ম্যাচ। পরে ১০, ১৩ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলবে দুই দল। আগামী ১৬, ১৮, ২০ জুলাই স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি টি-২০ খেলবে পাকিস্তান দল।