রাঙ্গামাটি রিজার্ভ বাজার সড়কটি এখন ঝুঁকিপূর্ণ

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:১২

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারে মালামালভর্তি পাঁচটি দোকানঘর ভেঙে প্রায় ১০০ ফুট নিচে খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে। এতে রিজার্ভ বাজারের প্রধান সড়কটিও ঝুঁকিপূূর্ণ হয়ে পড়েছে এবং এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, গতকাল সোমবার সকালে রির্জাভ বাজার আব্দুল আলি একাডেমির সামনে হঠাত্ করে বিকট শব্দে দোকান ধসে পড়ার ঘটনা ঘটে। তবে দোকানগুলোতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ দোকানগুলো ধসে পড়ে বলে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।

ক্ষতিগ্রস্ত দোকানদারেরা জানান, ২০১৭ সালে পাহাড়ধসের সময় সামনের দিকে ফাটল ধরে এবং দোকানগুলোও জরাজীর্ণ হয়ে যায়। দোকানের মালিককে দীর্ঘদিন ধরে আমরা সংস্কারের জন্য বললেও সংস্কার করেনি। আমরা নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছি। গত রাতে মাটি সরে যেতে দেখে আমরা কেউ দোকানে ছিলাম না। সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় ৩০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, যে দোকানগুলো ধসে গেছে, তার সামনের রাস্তাটিও এখন ঝুঁকিপূর্ণ। বর্তমানে আমরা রিজার্ভ বাজার এলাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছি। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, জেলা ত্রাণ কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা উপমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।