মালিকের কাছে ফিরল সেই পোষা সিংহটি

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:১৮

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর মালিকের কাছে ফিরে গেছে গত মাসে জব্দ করা পোষা সিংহটি। কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ মাস বয়সি পুরুষ সিংহটি অবৈধভাবে পাচার করে দেশটিতে নিয়ে যায় এক চীনা নাগরিক। টিকটকে একটি ভিডিও দেখার পর গত এপ্রিলে তদন্ত শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আদর ও গোসল করানোর ভিডিও প্রকাশ করার পর ৭০ কেজি ওজনের সিংহটির বিষয়ে গত এপ্রিলে তদন্ত শুরু করে কম্বোডিয়ার কর্তৃপক্ষ। দেশটির রাজধানীর একটি বিলাসবহুল বাড়ি থেকে গত ২৭ জুন পোষা সিংহটি জব্দ করে একটি উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়। তখন থেকেই এর মালিক সিংহটি ফিরে পেতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাক্ষাত্কারের মাধ্যমে আবেদন জানিয়ে আসছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম ঐ চীনা নাগরিকের নাম ঝাই জিনজিয়ান বলে জানিয়েছে।

এক ফেসবুক পোস্টে দেশটির দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হান সেন মালিকের আবেদনে সাড়া দেন। প্রধানমন্ত্রী হান সেন জানান, ইস্যুটি নিয়ে তিনি কৃষিমন্ত্রী ভেং সাখোনের সঙ্গে আলোচনা করেছেন আর প্রাণীটি যথাযথভাবে একটি খাঁচায় রাখার শর্তে মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় সম্মত হয়েছি।