কারাগারেই মারা গেলেন ফাদার স্ট্যান স্বামী

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২২:১৮

জামিনের অপেক্ষায় থাকা ভারতের অশীতিপর অধিকারকর্মী ফাদার স্ট্যান স্বামী কারা হেফাজতে হাসপাতালেই মারা গেলেন।

এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়, সোমবার মুম্বাইয়ের ‘হলি ফ্যামিলি হাসপাতালে’ চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আদালতের নির্দেশে গত মে মাস থেকে তাকে এই হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়া ৮৪ বছর বয়সি স্ট্যান স্বামীকে রবিবার থেকে ‘ভেন্টিলেটর’ কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিতে হচ্ছিল।

পারকিনসন্স রোগে আক্রান্ত জেসুইট যাজক স্ট্যান স্বামীর শরীরে করোন াভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল গত মে মাসে। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি কয়েক বার জামিন আবেদন করলেও সাড়া মেলেনি। ‘জাত বৈষম্য’ এবং ঝাড়খণ্ডের আদিবাসীদের ‘ভূমির অধিকার’ নিয়ে পাঁচ দশক ধরে আন্দোলন চালিয়ে আসার কারণেই সরকার তাকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

গত বছর ‘সন্ত্রাসবিরোধী আইনে’ ফাদার স্ট্যান স্বামীকে গ্রেফতার করা হয়। ভারতে এখন পর্যন্ত সন্ত্রাসবাদের অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, স্ট্যান স্বামী ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি।