ময়মনসিংহে সেনাবাহিনী প্রধানের টহল কার্যক্রম পরিদর্শন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:০৬

কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ ময়মনসিংহ মহানগরীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। দুপুরে নগরীর টাউন হল চত্বরে সেনাবাহিনীর টহল পরিদর্শন এবং এ সময় টহলরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চলমান লকডাউন পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকটিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিজিবি সেক্টর কমান্ডার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার সেনাবাহিনী প্রধানের সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান লকডাউনে সেনাবাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রী ও সরকারের নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে যাবে।