জন্মদিনে দালাইলামাকে ফোন নরেন্দ্র মোদির

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:০৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল ১৪তম দালাইলামাকে ফোন করে তার ৮৬তম জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। পরে সেই কথা নিজেই টুইট করে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দালাইলামার সঙ্গে ২০ মিনিট ধরে কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের

টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, সম্মানিত দালাইলামার সঙ্গে ফোনে কথা হয়েছে। তার ৮৬তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালাম। আমরা তার দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য প্রার্থনা করি। এদিকে দালাইলামা বলেন, আমি যখন থেকে ভারতে শরণার্থী হিসেবে এসেছি তখন থেকে এখানকার স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতির পূর্ণ লাভ উঠিয়েছি। আমি সবাইকে নিশ্চিত করে জানাতে চাই যে, আমি আরো যতদিন বেঁচে থাকব, ততদিন ভারতীয় প্রাচীন জ্ঞানকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাব। তিনি আরো বলেন,           আমি ভারতের ধর্মনিরপেক্ষতাকে সম্মান করি। এদেশ ধর্মের ওপর নির্ভরশীল নয়। এ দেশ করুণা, সততা এবং অহিংসার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উল্লেখ্য, গত ৬২ বছর ধরে ভারতে শরণার্থী হয়ে বসবাস করেন ১৪তম দালাইলামা। তার আসল নাম তেনজিং গ্যাতসো। তিনি তিব্বতীদের পরিচয় রক্ষার্থে সারা জীবন ধরে লড়াই করে গেছেন।