শ্যামপুর-কদমতলীতে কর্মহীনদের ঘরে খাদ্য হাতে এমপি বাবলা

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:০৮

চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে নিজ নির্বাচনি এলাকা রাজধানীর শ্যামপুর-কদমতলীতে কর্মহীন ও সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধীসহ অসহায়, দরিদ্র, কর্মহীন ও দিন এনে দিনে খাওয়া মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেন তিনি। আগের দিন সোমবার তিনি শ্যামপুরের খন্দকার রোডে দুস্থদের ঘরে খাবার পৌঁছে দেন।

সৈয়দ আবু হোসেন বাবলা ইত্তেফাককে জানান, সোমবার থেকে শুরু করা তার এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কর্মসূচি চলবে সাত দিন। গত দুই দিনে দুই সহস্রাধিক পরিবারের ঘরে চাল, আটা, ডাল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন পণ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন তার গঠিত ত্রাণ কমিটির সদস্যরা।

গতকাল কদমতলী থানার মুরাদপুর, জুরাইন আলমবাগ, মোহাম্মদবাগ ও মেরাজনগর এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করে ত্রাণ কমিটি। গতকাল খাদ্যসামগ্রী বিতরণকালে বাবলার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মো. মাসুদ, জাপার কেন্দ্রীয় যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে, কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা ও বাবলার বিশেষ সহকারী ডি কে সমির। এ সময় বাবলা বলেন, করোনার মতো ভয়ংকর মহামারি থেকে নিজেদের রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনার পাশাপাশি অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাপার চেয়ারম্যান জি এম কাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছানোর জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তাদের নির্দেশনা মোতাবেক আমি আমার নির্বাচনি এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে সাধ্য অনুযায়ী খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সরকার ও রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।