দুই শিশুকে খাঁচার মধ্যে নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:১৩

কক্সবাজারের রামুতে মাত্র দেড়শ টাকা চুরির অভিযোগে মুরগির খাঁচায় বন্দি করে দুই শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রিফাত করিমের ভাই আরমানুল হককে গ্রেফতার করেছে। বাড়িতে হামলা চালিয়ে তুলে নিয়ে আটকে রাখা নির্যাতনের শিকার শিশু সোহেলকেও উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। ওসি জানান, মামলায় আওয়ামী লীগ নেতা মো. রিফাতসহ আরো কয়েক জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার দেড়শ টাকা চুরির অভিযোগে শিশু সোহেল ও ইব্রাহিমকে মুরগির খাঁচায় বন্দি করে ইলেকট্রিক শক ও জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রিফাত করিম। এ ঘটনার চার দিন অতিবাহিত হলেও দুই প্রভাবশালী নেতার হস্তক্ষেপে মামলা না নেওয়ার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। নির্যাতনের শিকার দুই পরিবারকে এলাকা ছাড়তে হুমকিও দেন অভিযুক্তরা।

এদিকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর আদ্যোপান্ত তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে ইত্তেফাক। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। এটি জানার পর সোমবার রাতেই নির্যাতনের শিকার শিশু ইব্রাহিমের বাড়িতে হামলা ও আরেক নির্যাতনের শিকার সোহেলকে তুলে নিয়ে বাড়িতে আটকে রাখে অভিযুক্ত রিফাত করিম। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালায় রামু থানা পুলিশ।