চট্টগ্রামে উদ্বেগজনকহারে বাড়ছে করোনা সংক্রমণ ২৪ ঘণ্টায় মৃত্যু ৯

আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:১৩

চট্টগ্রামে করোনা ভাইরাসের উদ্বেগজনকহারে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৬২ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের। আগের দিনের চেয়ে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়েছে ১০৩ জন। ২০২০ সালের এপ্রিলে করোনার সংক্রমণ শুরুর পর গত ১৫ মাসের মধ্যে এক দিনে চট্টগ্রামে এত বেশি আক্রান্তের রেকর্ড নেই।

গতকাল মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তদের মধ্যে নগরীর ৪৪৯ জন। নগরীর বাইরের বিভিন্ন উপজেলার ২১৩ জন আছে। নমুনা পরীক্ষা অনুযায়ী সংক্রমণের হার ৩৫ দশমিক ২ শতাংশ।

চট্টগ্রামের উপজেলাগুলোতেও সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। উপজেলাগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডে ৪১ জন, মিরসরাইয়ে ৩৮ জন, ফটিকছড়িতে ৩২ জন, হাটহাজারীতে ২১ জন, রাউজানে ২০ জন, রাঙ্গুনিয়ায় ১৩ জন এবং বোয়ালখালী ও লোহাগাড়া উপজেলায় ১০ জন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। বাকি উপজেলাগুলোতে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১০ জনের নিচে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের দুই জন শহরের ও সাত জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।