দেশে আমদানিনিষিদ্ধ ১৮টি আমেরিকান ব্রাহামা জাতের গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস বিভাগ। গত সোমবার দুপুরে টার্কিস এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে গরুগুলোকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়েছিল। কিন্তু কাস্টমসের চোখ ফাঁকি দিতে পারেনি। তার আগেই সেগুলো জব্দ করা হয়েছে। গরুগুলো জব্দের পর আমদানিকারক প্রতিষ্ঠানকে খুঁজে না পাওয়ায় গতকাল মঙ্গলবার প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে তুলে দিয়েছে ঢাকা কাস্টমস হাউজ। কাস্টমস বিভাগ বলছে, সেগুলো মিথ্যা ঘোষণা দিয়ে আনা হয়েছিল। কি জাতের গরু আসবে তা স্পষ্ট করে কিছুই বলা হয়নি। রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদেক অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান সেগুলো আমদানি করেছিল। গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ আব্দুস সাদেক সাংবাদিকদের বলেন, গরুগুলো রবিবার যুক্তরাষ্ট্র থেকে টার্কিস এয়ারলাইনসের কার্গো বিমানে নিয়ে সোমবার দুপুরে ঢাকায় পৌঁছায়। আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল একটি গরুর চালান আসছে। বিমান থেকে নামানোর পর দেখা যায়, সেগুলো ব্রাহামা জাতের। যা আমাদের দেশে আমদানি নিষিদ্ধ। এই জাতের গরুগুলো দ্রুত ওজন বৃদ্ধি পায় বলে প্রাণিসম্পদ অধিদপ্তর সেগুলো আমদানির অনুমতি দেয় না। আমরা সেগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় তুলে দিয়েছি। গরুগুলোর কোনো দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে বলেও জানিয়েছে ঢাকা কাস্টমস। এদিকে বিমানবন্দর সূত্র জানায়, গরুগুলোর বয়স ১৩ মাস থেকে ৬০ মাস। একেকটি গরু থেকে গড়ে ৬০০ কেজি থেকে ৮০০ কেজি পর্যন্ত মাংস পাওয়া যায়। প্রতিটির মূল্য ১২-১৫ লাখ টাকারও বেশি।
