১০ বছরের মধ্যে মাংস খাওয়ার প্রবণতা কমবে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৩৫

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ার ফলে আগামী ১০ বছরে অর্থাত্ ২০৩০ সালের মধ্যে শিল্পোন্নত দেশের মানুষের মধ্যে মাংস খাওয়ার প্রবণতা কমবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) প্রতিবেদনটি প্রকাশ করে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনটিতে জাতিসংঘ জানিয়েছে, উন্নত দেশের মানুষের মধ্যে রেড মিট খাওয়ার প্রবণতা কমে আসবে। তার বদলে এসব দেশের মানুষের মধ্যে পোলট্রি মুরগির মাংস ও দুগ্ধজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়বে। প্রতিবেদনে আরো বলা হয়, করোনা ভাইরাসের এ মহামারির সময়ে বিশ্বে কৃষি ও খাদ্য উত্পাদন স্থিতিশীল ছিল। তবে খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই পুষ্টিকর খাবারের অভাবে ভুগেছে। ২০৩০ সালে মাথাপিছু দৈনিক ৩ হাজার ২৫ ক্যালরি গ্রহণ সম্ভব হতে পারে। তবে গরিব দেশগুলোতে খুব বেশি পরিবর্তন নাও আসতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়। —ডয়চেভেলে