আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ওএসডি হলেন পাঁচ কর্মকর্তা

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৩৬

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের জন্য পাঁচ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত ৪ ও ৫ জুলাই এই পাঁচ কর্মকর্তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

এই কর্মকর্তাদের কেউ সাবেক ইউএনও এবং কেউ কেউ দায়িত্বে ছিলেন। এর মধ্যে একজন কর্মকর্তার বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা করা হয়েছে। বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. শফিকুল ইসলাম। তিনি সিরাজগঞ্জের কাজীপুরের সাবেক ইউএনও।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলুকে ওএসডি করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদরের সাবেক ইউএনও ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখও ওএসডি হয়েছেন। তিনি বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে ছিলেন। এছাড়া বরগুনার আমতলীর ইউএনও মো. আসাদুজ্জামান এবং মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবাহ-উল-সাবেরিনকে ওএসডি করা হয়েছে।

এই পাঁচ কর্মকর্তা ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের সময় প্রকল্প বাস্তবায়নে অনিয়মে জড়িয়েছিলেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে দুই কক্ষের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় এই ঘর ভেঙে পড়েছে। ঘর নির্মাণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।