লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন

দুই প্রার্থীকে ব্যয়ের হিসাব জমা দিতে হবে ২৬ জুলাইয়ের মধ্যে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৩৬

গত ২১ জুন অনুষ্ঠিত লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব আগামী ২৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। এক্ষেত্রে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে হিসাব জমা দেবেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেন, কোনো আসনে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হলে সেই তারিখের পরবর্তী ৩০ দিনের মধ্যে সব প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ২৭ জুন এ উপনির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়। সে অনুযায়ী নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় আগামী ২৬ জুলাই।

গেজেট অনুযায়ী, উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুর উদ্দীন চৌধুরী নয়ন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টি-জাপার প্রার্থী শেখ মোহা. ফায়িজ উল্যাহ শপন। এ দুই প্রার্থীকেই নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জন্য ভোটার প্রতি গড় ব্যয় ১০ টাকা নির্ধারণ করে দেয় নির্বাচন কমিশন। তবে কোনো আসনের ভোটার সংখ্যার আধিক্যের কারণে মোট ব্যয় ২৫ লাখ টাকার বেশি হতে পারবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনি ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে জমা না দিলে বা কমিশন নির্ধারিত অঙ্কের বেশি ব্যয় করলে তার বিরুদ্ধে জেল-জরিমানার বিধান রয়েছে। গত ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি-জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ যথাসময়ে ব্যয়ের হিসাব না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছিল ইসি।