ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছে নয়াদিল্লিতে। এর মধ্যে আট রাজ্যের গভর্নর বদল করেছে মোদি সরকার। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার এমপি থাওয়ারচাঁদ গহলৌতকে কর্ণাটকের গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন তিনি। তাকে গভর্নর করার মানে একজন মন্ত্রীর পদ ফাঁকা হওয়া। সেখানে কোনো নতুন মুখ দেখা যেতে পারে। মিজোরামের গভর্নর পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার গভর্নর করা হয়েছে। মিজোরামের নতুন গভর্নর হয়েছেন হরিবাবু কাম্ভামপাতি।
এ ছাড়াও হরিয়ানার গভর্নর সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানো হয়েছে ত্রিপুরাতে। ত্রিপুরার গভর্নর রমেশ ব্যাসকে পাঠানো হয়েছে ঝাড়খণ্ডে। হিমাচল প্রদেশের গভর্নর বন্দারু দত্তাত্রেয়কে হরিয়ানার গভর্নর করা হয়েছে। হিমাচল প্রদেশের নতুন গভর্নর হয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। অন্যদিকে মধ্যপ্রদেশের গভর্নর হয়েছেন মঙ্গুভাই ছঙ্গনভাই পটেল।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে বদলের দাবিতে সরব হয়েছে তৃণমূল। এই বিষয়ে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হয়েছে তারা। এই বিরোধিতার মধ্যেই আট রাজ্যের গভর্নর বদল করল মোদি সরকার।
