গাজীপুরে তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজে আট দিন পর পিসিআর ল্যাবটি চালু হচ্ছে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৩৬

গাজীপুরে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন বিকল হয়ে যাওয়ার আট দিন পর ফের আজ বুধবার থেকে করোনার নমুনা পরীক্ষা চালু করা হবে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল কাদের জানান, করোনা পরীক্ষা জন্য তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনের বায়োসেপ্টিক কেবিনেটটি গত ২৯ জুন অকেজো হয়ে পড়ে। এতে আট দিন ধরে মেডিক্যাল কলেজের পিসিআরটি থেকে করোনার নমুনা পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ ছিল। এ ব্যাপারে করোনা ভাইরাস প্রতিরোধসংক্রান্ত গাজীপুর জেলা কমিটির সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে পিসিআর মেশিনটির বায়োসেপ্টিক কেবিনেট মঙ্গলবার সকালে আনা হয়।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, বর্তমানে সরকারের কাছে এ যন্ত্রটি মজুত না থাকায় দেশের বাজার থেকে সরবরাহের জন্য বিজিএমইএকে অনুরোধ করা হয়। তারা আমাদের অনুরোধ রক্ষা করে বায়োসেপ্টিক কেবিনেটটি মঙ্গলবার সকালে মেডিক্যাল কলেজে পৌঁছে দিয়েছেন।