চাঁদা না দেওয়ায় এক ফেরিওয়ালাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকার সন্ত্রাসীরা। শুধু হাতুড়িপেটা করেই ক্ষান্ত হয়নি তারা, পাড়ার কুকুর লেলিয়ে দেয়। কুকুর তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়েছে। আহত এই ফেরিওয়ালার নাম উজ্জ্বল হোসেন। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর কদমতলী পূর্ব জুরাইন মেডিক্যাল রোড এলাকার বিক্রমপুর প্লাজার পিছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কদমতলী থানার এসআই শিহাব উদ্দিন জানান, আহতের বাবা রফিকুল ইসলাম থানায় এসে জানান, ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তার ছেলেকে চাঁদার জন্য পিটিয়ে জখম করেছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ জুরাইন মেডিক্যাল রোড এলাকার বিক্রমপুর প্লাজার পিছনে আহতাবস্থায় পড়ে থাকা উজ্জ্বলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতের বাবা রফিকুল ইসলাম জানান, তার ছেলে ঐ এলাকাতে সিলভারের পাতিলসহ অন্যান্য জিনিসপত্র ফেরি করে বিক্রি করে। অনিক, মাহাবুব ও জাকির নামে সন্ত্রাসীরা তার কাছ থেকে ঐ এলাকায় ফেরি করে বিক্রি করার জন্য ১০ হাজার টাকা চাঁদা নেয়। মাস ছয়েক আগে চাঁদা নেওয়ার পর এক সপ্তাহ আগে তার ছেলের কাছে সন্ত্রাসীরা আবারও ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা না দিলে অন্য কাউকে ঐ এলাকায় ফেরি করে সিলভারের জিনিসপত্র বিক্রি করার সুযোগ দিবে। কিন্তু তার ছেলে চাঁদা দিতে অস্বীকার করে। মঙ্গলবার বিকালে তার ছেলে বিক্রমপুর প্লাজার পিছনের রাস্তায় সিলভারের জিনিসপত্র নিয়ে ফেরি করার সময় সন্ত্রাসীরা তাকে আটক করে।
