যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় বন্দুক সহিংসতায় নিহত ২৩৩

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০০:৪৯

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ভয়াবহভাবে বেড়ে চলেছে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে বন্দুক সহিংসতায় কমপক্ষে ২৩৩ জন নিহত এবং ৬১৮ জন আহত হয়েছেন। দেশটিতে প্রায় পাঁচ শতাধিক গুলির ঘটনা ঘটেছে। মার্কিনিরা নিজদের কাছে খুব সহজেই অস্ত্র রাখতে পারায় এ ধরনের ঘটনা বাড়ছে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও গত বছরের একই সময়ের চেয়ে হতাহতের সংখ্যা কমেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে। 

খবরে বলা হয়েছে, গত শুক্রবার বিকেল ৫ টা থেকে সোমবার পর্যন্ত দেশ জুড়ে অতিরিক্ত সহিংসতার খবর পাওয়া গেছে। বিশেষ করে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে। দিবসটিতে বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হয়। এ সুযোগে প্রতিপক্ষের ওপর হামলার সুযোগ নিয়ে থাকতে পারেন অনেকে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। গত বছর একই সময়ে মারা গিয়েছিলেন ৩১৪ জন এবং আহত হয়েছিলেন ৭৫১ জন।

খবরে আরো বলা হয়েছে, নিউ ইয়র্কে শুক্র থেকে রবিবার গোলাগুলির ঘটনা অস্বাভাবিক বেড়েছে। ২১টি গুলির ঘটনায় ২৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে নিহত হন ১৩ জন। এসব ঘটনায় জড়িত থাকায় কয়েক জনকে আটক করা হয়েছে। ২০২০ সালের একই সময়ের তুলনায় কমেছে। গত বছর ২৫ টি গুলির ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ হন। শিকাগো শহরে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৭২ ঘণ্টায় মোট ১০০ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৮ জন।