নেদারল্যান্ডসে বিখ্যাত সাংবাদিককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২:২৮

নেদারল্যান্ডসের খ্যাতনামা ক্রাইম সাংবাদিক পিটার আর দে ভ্রাইসের (৬৪) ওপর গুলি চালানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, গতকাল মঙ্গলবার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের লেইডসেপলেইন স্কয়ার এলাকার কাছে একটি সড়কে গুলির ঘটনা ঘটে। একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিও থেকে বের হওয়ার পর পিটারের শরীরে ৫টি গুলি করা হয়। এর একটি তার মাথায় লাগে। এরপর থেকে ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ। সেখান থেকে তারা ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ নানা প্রমাণ সংগ্রহ করছে।

Dutch crime reporter Peter R. de Vries shot in Amsterdam - BNO News

পিটার আর দে ভ্রাইস

অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পিটার আর দে ভ্রাইস নেদারল্যান্ডসের আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছেন। দেশটিতে তিনি ব্যাপক জনপ্রিয়। একই কারণে তার ওপর চটে ছিলো অনেক অপরাধীও।

আমস্টারডামের মেয়র ফেমকে হ্যালসেমা এক সংবাদ সম্মেলনে পিটারকে জাতীয় নায়ক আখ্যা দিয়ে বলেন, ‘পিটার একজন সাহসী সাংবাদিক। তার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তিনি অক্লান্তভাবে সত্যের সন্ধান করে গেছেন।’

ইত্তেফাক/টিআর