অনাত্মীয় দম্পতি’র গল্প

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২০:২৩

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

বাংলাদেশের নাট্যাঙ্গনের মেধাবী অভিনেতা মোশাররফ করিম ও নন্দিত, গুণী অভিনেত্রী তারিন জাহান এর আগে অনেক নাটকে অভিনয় করলেও গত ফেব্রুয়ারিতে সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’ নাটকে অভিনয় করে আবারো আলোচনায় এসেছেন। দর্শকের সবসময়ই অভিনয়ে সিদ্ধহস্ত শিল্পীদের অভিনয় দেখতে ভালো লাগে। যে কারণে মোশাররফ করিম ও তারিনের ‘নো প্রেম নো বিয়ে’ নাটকটি দেখে দর্শক তাদের ভালোলাগার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করেই মোশাররফ করিম ও তারিনকে নিয়ে আবারো সোহেল হাসান আগামী ঈদে এনটিভিতে প্রচারের জন্য নির্মাণ করেছেন নতুন নাটক ‘অনাত্মীয় দম্পতি’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন সোহেল হাসান নিজেই। এরইমধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম বলেন, ‘এই গল্পটা সকল দম্পতির গল্প। এই গল্পটা সম্পর্কগুলোর দোষগুলোকে চিহ্নিত করে, সম্পর্কের নার্সিং করে এই গল্প। গল্পটি আমার ভীষণ পছন্দের একটি গল্প, আমার নিজের খুব ভালো লেগেছে অভিনয় করে। আমি বিশ্বাস করি দর্শক যদি এই নাটক দেখার পর কেউ কেউ তার জীবন নিয়ে ভাববেন এবং অনেকেই সমস্যার সমাধানও খুঁজে পাবেন। তারিনের সঙ্গে কাজ করে ভালো লাগে এই কারণেই যে সংলাপের লেনদেন এতো চমত্কার, কাজের বোঝাপড়াটাও দারুণ, যে কারণে ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে আমরা অভিনয়টা উপভোগ করি।’ তারিন জাহান বলেন, ‘অবশ্যই নাটকটির গল্প খুব ভালো, স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের গল্প। স্বাভাবিকভাবে মোশাররফ ভাইয়ের সঙ্গে বা অন্য কোনো ভালো অভিনেতার সঙ্গে যখন কাজ করতে যাই— যদি গল্পটা ভালো না হয় তখন কাজ করে আনন্দ পাওয়া যায় না। সোহেলের পরিচালনায় এর আগে ‘নো প্রেম নো বিয়ে’ নাটকে অভিনয় করেছি। সেই ধারাবাহিকতায় এই নাটকে অভিনয় করা। যেহেতু পুরো কাজের চাপটা ছিল আমাদের দু’জনের ওপর, যে কারণে কাজটা শেষদিন আমাদেরকে অনেক কষ্ট করে করতে হয়েছে। মোশাররফ ভাই সবসময়ই ভীষণ সহযোগিতাপরায়ণ। যে কারণে তার সঙ্গে কাজ করতেও আমার ভীষণ ভালো লাগে।’