ঈদের নাটকে শ্রাবণ্য

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২০:২৫

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

তৌহিদা শ্রাবণ্য নান্দনিক উপস্থাপনা দিয়ে নিজেকে অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। যে কারণে টেলিভিশন শো’য়ে তার যেমন চাহিদা রয়েছে, ঠিক তেমনি স্টেজ শো’য়েও তার রয়েছে বেশ চাহিদা। তবে তারও আগে তার বড় পরিচয় তিনি একজন ডাক্তার। প্রতিনিয়তই নাটকে সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। দেশের অনেক নায়কের বিপরীতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি, এমনকি  কলকাতার জিত্’র বিপরীতেও সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাতে পরিবারের কিছুটা আপত্তি রয়েছে এবং একজন ডাক্তার হিসেবে তাকে বেশ ব্যস্ত থাকতে হয় বিধায় সিনেমাতে তার কাজ করা হয়ে উঠেনি। তবে এরইমধ্যে অপূর্ব’র বিপরীতে ‘দৌড়ের উপর প্রেম’, নাঈমের বিপরীতে ‘আংটি’ নাটকে অভিনয় করেছেন তিনি। আর এবার তিনি বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক, নাট্যকার ইমদাদুল হক মিলনের গল্পে অভিনয় করার সুযোগ পেলেন। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় ইমদাদুল হক মিলনের ‘বিয়ের কয়েকদিন আগে’ নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে তার বিপরীতে আছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আব্দুন নূর সজল। শ্রাবণ্য প্রসঙ্গে সজল বলেন, ‘শ্রাবণ্যকে একজন উপস্থাপিকা হিসেবে চিনি। কিন্তু অভিনয় এতো সুন্দর করতে পারেন তা কাজ না করলে জানতে পারতাম না।’  শ্রাবণ্য বলেন, ‘আমার ভক্ত-দর্শকেরা উপস্থাপনার পাশাপাশি আমাকে অভিনয়ে দেখতে আগ্রহ প্রকাশ করেন নিয়মিত। তাদের কথা ভাবনায় রেখেই আমি মূলত বিভিন্ন উত্সবকে কেন্দ্র করেই নাটকে অভিনয় করি। এই নাটকে অভিনয়ের আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয়ের প্রস্তাব আসে। তবে ‘বিয়ের কয়েকদিন আগে’ নাটকে অভিনয়ের জন্য বেশ কয়েকদিন ধরেই কথা হচ্ছিল। শেষ পর্যন্ত কাজটি করেছি দুটি কারণে। প্রথমত শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে এবং এতে আমার বিপরীতে আছেন সজল ভাই। সবমিলিয়ে একটি ভালো কাজ হচ্ছে।’ নাটকটির শুটিং প্রায় শেষ। জানা যায়, আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে নাটকটি প্রচার হবে। প্রসঙ্গত, একজন উপস্থাপিকা হিসেবে খেলার মাঠে বেশ সুনাম কুড়িয়েছেন শ্রাবণ্য তৌহিদা।