কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর-সরকারপুর রাস্তাটি অত্যন্ত ব্যস্ততম একটি রাস্তা। রাস্তাটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ও কয়েক শ যানবাহন চলাচল করে। গৌরীপুর বাজার দাউদকান্দি উপজেলার মধ্যে একটি ব্যবসাবহুল বাজার। গৌরীপুর বাজার ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় মানুষের যাতায়াত তুলনামূলক হারে অনেক বেশি। মানুষের যাতায়াত ও ব্যবসার ধরন দেখে গৌরীপুর বাজারকে একটি উপশহরও বলা যায়। সেই বাজারে যাওয়ার অন্যতম একটি রাস্তা হলো গৌরীপুর-সরকারপুর রাস্তা। এই রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের মানুষকে গৌরীপুরে যেতে হয়। দৈয়াপাড়া, সরকারপুর, মুজিব মার্কেট, হুগুলিয়া, হাড়িয়ালা ও বারপাড়াসহ অনেক গ্রামের মানুষকে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তাটির সংস্কার না হওয়ায় মানুষের যাতায়াতে ভীষণ কষ্ট পোহাতে হচ্ছে। রাস্তার গভীর গর্তের মধ্য দিয়ে মানুষ চলাচল করলেও এখন যানবাহন চলাচল প্রায় বন্ধ। কারণ এক জায়গায় রাস্তাটির দুই-তৃতীয়াংশ পুকুরগর্ভে বিলীন হয়ে গেছে। বৃষ্টির ফলে এই রাস্তাটি আস্তে আস্তে পুরোটাই বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামগুলোতে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি যেমন প্রবেশ করতে পারবে না, তেমনি গ্রামের জরুরি কোনো রোগীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে পারবে না। এমন ব্যস্ততম একটি রাস্তা এভাবে বিকল হয়ে পড়ে থাকলে এ এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করে অত্র এলাকার উন্নয়নমুখী মানুষগুলোর মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এম এ রহমান
গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা
