প্রাণ অ্যাগ্রোর বন্ড অনুমোদন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:২৫

ইত্তেফাক রিপোর্ট

প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড এবং কুপন বিয়ারিং গ্রিন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বুধবার বিএসইসির ৭৮১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এ বন্ডের কুপন হার ৯ শতাংশ যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনসিওরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর অনকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে প্রাণ অ্যাগ্রো লিমিটেড পরিবেশের ভারসাম্য বজায় রেখে কোম্পানির তারল্য ও মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। এ বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডের ট্রাস্টি গ্রিন ডেলটা ইনসিওরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।