ইত্তেফাক রিপোর্ট
করোনা সংক্রমণ রোধে চলমান শাট ডাউন আগামী ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে আজ বৃহস্পতিবার থেকে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত জারি করে সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, করোনা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর (বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন)—এই তিন প্ল্যাটফরমের কার্যক্রমও সীমিত পরিসরে চালু থাকবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দুপুর দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। যে কোনো রেগুলার চেক দুপুর সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকারঘোষিত বিধিনিষেধের দিনগুলোতে এ সময়ে চেক ক্লিয়ারিং করবে বিএসিএইচ।
আরটিজিএসের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে, কাস্টমস শুল্ককরাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে। বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা পূর্বের নিয়মে চলবে।
