আর্থিক প্রতিষ্ঠানও আগামী রবিবার বন্ধ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ চলমান বিধিনিষেধ আরো এক দফা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ সময় ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানেও রবিবার ছুটি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৮ থেকে ১৪ জুলাই আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতদিন বিধিনিষেধে খোলা ছিল আড়াইটা পর্যন্ত। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গতকাল বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে। গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুইটি শাখা খোলা থাকবে। এর মধ্যে  ঢাকায় একটি শাখা ও অপরটি ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি গ্রাহক সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে বলা রয়েছে। এছাড়া ৩০ জুন জারিকৃত সার্কুলারের অন্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।