সোয়া পাঁচ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নৌ পুলিশের অতিরিক্ত আইজি আতিকুল ইসলামের নেতৃত্বে দোহারে নিষিদ্ধ জাল তৈরির পাঁচটি কারখানায় সাঁড়াশি অভিযান চালিয়েছে নৌ পুলিশের একটি বিশেষ দল। এ সময় কারখানাগুলো থেকে ৫ কোটি ২৫ লাখ টাকার মূল্যের জাল জব্দ করা হয়।

মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার লটাখোলা নতুনবাজার ও জয়পাড়া বাজারের পাঁচটি কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নৌ পুলিশ ও পুলিশের শতাধিক সদস্য অংশ নেন। রাতে জব্দকৃত জালগুলো ট্রাকে তোলার সময় কারাখানার শ্রমিকরা পুলিশের ওপর চড়াও হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েক দফা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।