সিংগাইরে সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না সেতু

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৪

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাই নগর বটতলা খালের ওপর  নির্মিত প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি কোনো কাজেই আসছে না। এতে করে পুরো টাকা জলে গেছে বলে স্থানীয়রা মনে করেন। সেতুর  উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় অর্থাত্ মাটি না ফেলায় এমনটি হয়েছে। এতে করে দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছে খালের দুই পাড়ের মানুষ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে,  ২০১৫-১৬ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন কানাই নগর বটতলা খালেরর ওপর ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্য এই সেতুটি নির্মাণ করা হয়। এর দুই পাশে মাটি ফেলে সংযোগ সড়ক তৈরি না করায় যানবাহন চলাচল দূরের কথা মানুষের হেঁটে চলাও দায় হয়ে পড়ছে। যানবাহন নিয়ে ঘুরতে হয় তিন-চার কিলোমিটার। এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। যানবাহন চলাচলের সুযোগ না থাকায় কৃষক তাদের উত্পাদিত পণ্যসামগ্রী সময়মতো বাজারজাত করতে পারছে না। ফলে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছে তারা।

কানাই নগর মাদ্রাসা ও এতিমখানার সহসভাপতি হাবিব মোল্যা বলেন, মাদ্রাসার মাহফিলের জন্য এলাকাবাসীর উদ্যোগে মাটি ফেলে হাঁটার ব্যবস্থা করা হয়েছিল। তা এখন ধসে গভীর খাদে পরিণত হলেও জনপ্রতিনিধিদের খোঁজখবর নেই। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু নাসের বলেন, সংযোগ সড়কটি দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।