গাজীপুরে অবরুদ্ধ বনভূমিতে বাগান সৃজন

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪২ শতাংশ অবরুদ্ধ বনে বাগান সৃজন করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে বাগান সৃজনের কাজ শুরু হয়ে শেষ হয় একই দিন দুপুরে। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীন ঐ ৪২ শতাংশ বিরান বনভূমি ভূমিসংক্রান্ত জটিলতায় কয়েক দশক ধরে বনায়নের আওতায় আনতে পারেনি বন বিভাগ।

জানা গেছে, জাতীয় উদ্যান রেঞ্জের আড়াইশ প্রসাদ মৌজার গজারিয়াপাড়া এলাকায় ২২৬ নম্বর সিএস দাগ বন বিভাগের। ঐ সিএস দাগ থেকে সৃষ্ট ৪৫৫, ৪৫৬ ও ৪৫৭ নম্বর আরএস দাগ বন বিভাগের নামে রেকর্ডভুক্ত। তবে ৪২ শতাংশ ঐ বনভূমির চারদিকে ব্যক্তিমালিকানা জমি। প্রায় ২৫ বছর আগে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গঠনের পূর্বে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তি কয়েক একর জোতভূমি কিনে সীমানাপ্রাচীর নির্মাণ করেন। ফলে ঐ জোতভূমির মাঝখানে ৪২ শতাংশ বনভূমি অবরুদ্ধ হয়ে পড়ে।

পরবর্তী সময়ে ২০১৮ সালে ফখরুল ইসলাম গাজীপুর জেলা প্রশাসক বরাবর সীমানা নির্ধারণের আবেদন করেন। তবে সীমানা নির্ধারণ কার্যক্রমে অচলাবস্থার পাশাপাশি জোতভূমির সীমানাপ্রাচীর ভেঙে ৪২ শতাংশে বনায়নে জটিলতা দেখা দেয়। সম্প্রতি জোত ভূমির মালিকপক্ষের সঙ্গে বন বিভাগের কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে ঐ ৪২ শতাংশে বনায়নের উদ্যোগ নেওয়া হয়।