মানুষের দুর্ভোগ
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
আগুনমুখা নদীতে রাঙ্গাবালীর কোড়ালিয়া লঞ্চঘাট সড়কের একাংশ ভেঙে গেছে, আরেক অংশ ধসে পড়েছে। ভাঙনে আর ধসে বেহাল সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে সড়ক রক্ষায় যে গাইডওয়াল করা হয়েছে, সেটিও ঝুঁকিতে রয়েছে। যে কোনো মুহূর্তে গাইডওয়ালও নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয়ের তথ্যমতে, ২০১৭-১৮ অর্থবছরে কোড়ালিয়া লঞ্চঘাট থেকে বেড়িবাঁধ পর্যন্ত ১০ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণ করা হয়। নদী তীরবর্তী সড়কটি ঝুঁকিমুক্ত রাখতে ২০১৮-১৯ অর্থবছরে ১৭ লাখ টাকা ব্যয়ে সেখানে আরসিসি গাইডওয়াল নির্মাণ করা হয়। দেশের যে কোনো প্রান্ত থেকে আসা-যাওয়ায় রাঙ্গাবালীর প্রধান পথ কোড়ালিয়া লঞ্চঘাট। সরজমিনে দেখা গেছে, কোড়ালিয়ার সেই পথের সড়কটি এখন বেহাল। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের নিচের মাটি সরে গেছে। সড়কের অর্ধেক ভেঙে গেছে। অর্ধেক ধসে পড়েছে। সড়ক রক্ষার গাইডওয়ালটিও নদী হুমকিতে রয়েছে। স্থানীয়রা জানান, নদীভাঙনে প্রায় এক-দেড় বছর ধরে সড়কটি বেহাল হয়ে পড়েছে। সর্বশেষ ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে এটি এখন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে গেছে। কোড়ালিয়া লঞ্চঘাটের মাছ ব্যবসায়ী স্বপন সাহা ও মোটরসাইকেল চালক রানা হাওলাদার বলেন, এটি জনগুরুত্বপূর্ণ একটি সড়ক। লকডাউন না থাকলে প্রতিদিন হাজারও মানুষ এই সড়কে যাতায়াত করে। তাই সড়কটি নতুন করে নির্মাণের পাশাপাশি ব্লক দিয়ে গাইডওয়ালটিও রক্ষা করা প্রয়োজন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুল কবির বলেন, প্রাক্কলন করে এলজিইডিতে পাঠানো হয়েছে। কিন্তু এখনো অনুমোদন হয়নি। অনুমোদন হলেই পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে সড়কের কাজটি করা হবে।
