পীরগাছায় তিস্তার ভাঙন হুমকিতে প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৭

আমিনুল ইসলাম জুয়েল, পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবনটি তিস্তা নদীর ভাঙনের ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গত দুই দিনে বিদ্যালয়সংলগ্ন ১০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, চর দক্ষিণ গাবুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ মিটারের মধ্যে ভাঙন এসে পৌঁছেছে। এর আগেও বিদ্যালয়টি ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছিল। পরে স্থান পরিবর্তন করে বর্তমান স্থানে নতুন করে ভবন নির্মাণ করা হয়। কয়েক বছরের ব্যবধানে আবারও বিদ্যালয়টি নদীভাঙনের মুখে পড়েছে। তিস্তা নদীর ভাঙনে বিলীন হয়েছে বিদ্যালয়সংলগ্ন মকবুল হোসেন, গনি মণ্ডল, জাফর আলী, ছামাদ আলী, খয়বর আলী, কফের উদ্দিন, ছমের আলী, সজব উদ্দিন, আনিছুর রহমানসহ বেশ কয়েক জনের বাড়িঘর।

কান্নাজড়িত কণ্ঠে ছামাদ আলী বলেন, ‘আমাদের দিকে কেউ দেখে না। সময় মতো ব্যবস্থা নিলে এ অবস্থা হতো না।’

নদীভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা গণি মণ্ডল বলেন, ‘ভাঙন যখন একটু দূরে ছিল তখন উদ্যোগ নিলে হয়তো বিদ্যালয়টি রক্ষা করা সম্ভব ছিল। এখন ভাঙন কাছে আসার পর বালুর বস্তা ফেলার নামে সরকারি টাকা জলে ফেলা হচ্ছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন বলেন, ‘এবার বিদ্যালয়ের পেছন দিকে নদীভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে যে কোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’

এ ব্যাপারে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, ‘তিস্তার ভাঙন বিদ্যালয়ের প্রায় ১৫ মিটারের মধ্যে চলে এসেছে। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।’

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙন রোধে শেষ পর্যন্ত চেষ্টা অব্যাহত থাকবে।’