সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুরে সংরক্ষিত বনাঞ্চল ও পাকা সড়কের একপাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। বাসিন্দা আবুল হোসেন বলেন, কমপক্ষে পাঁচ বছর ধরে এই স্থানে পৌরসভা ময়লা ফেলছে। দুর্গন্ধে বাড়িতে থাকা দায়। সখীপুর আবাসিক মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান লুত্ফর রহমান বলেন, এতে বনের পরিবেশ দূষিত হচ্ছে। বহেড়াতৈলী রেঞ্জ কর্মকর্তা হুসাইন মুহম্মদ এরশাদ বলেন, পৌরসভার মেয়রকে এ ব্যাপারে বলা হয়েছে। বিভাগীয় বন কর্মকর্তাও জানেন। পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ বলেন, ‘ময়লা ফেলার জন্য ভিন্ন জায়গা খোঁজা হচ্ছে। দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।’
