মেরামত করা হলো সেনবাগ পৌর শহরের বেহাল সড়ক

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২১:৪৮

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর সেনবাগ পৌর শহরের বেহাল সড়ক মেরামত করে দিয়েছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গত ২ জুলাই দৈনিক ইত্তেফাকের ৭ নম্বর পাতায় ‘সেনবাগ পৌর শহরের সড়কের কয়েকটি অংশে খানাখন্দ, পথচারীদের ভোগান্তি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপর টনক নড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ মঙ্গলবার বিকালে সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট হাই স্কুল থেকে সেনবাগ প্রেসক্লাব মোড় হয়ে থানার মোড় এবং সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কের বড় বড় গর্তগুলো ইটের কংক্রিট দিয়ে মেরামত করে দেয়। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বুধবার দুপুরে জানান, সড়কটি আপাতত কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে। বৃষ্টি বন্ধ হলে সড়কটি পুনর্নির্মাণ করা হবে এবং দীর্ঘদিনের সমস্যা পৌর শহরের মোড়গুলো সোজা করা হবে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।